শুক্রবার ০৩ সেপ্টেম্বর ২০১০, ১৯ ভাদ্র, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

ইউটোপিয়া


আমি তাঁকে দেখি নাই, তাঁর উপস্থিতি টের পাই
সে যখন আমার পিছনে এসে একাকী দাঁড়ায়
আমার সামনে সারি সারি ফুলক্ষেতে ভরে ওঠে
আমি ফুলক্ষেতে দেখি যোগিনীরা চুল খুলে দিয়ে
ফুল তোলে, পাখিদের টহলে ভরে যায় আকাশ
দূরের দিগন্তে ভেসে ওঠে তাঁর কোকিল আকার

আমি কোকিলের চোখে রাত ভর ছুরমা লাগাই
পালকের গায়ে স্পর্শ ছড়িয়ে দেহের কানাগলি
ফুটপথে বিছিয়ে দিই তৃষ্ণার গাল, লোভাতুর চোখ
বাস, ট্র্যাক, সেনাবাহিনীর গাড়ি এরা সব একে একে
ঢুকে পড়ে ড্রেনে, আমি দেখি, আর হাসি
আমার হাসির বস্তিতে রাজা সাজে আমার হাত
ঘোড়ার গাড়িতে চড়ে আমি রাজ ভবনের দিকে
যেতে থাকলে আকাশ থেকে পাখিরা ফুল ছিটায়..

অন্ধকার গুহাঘরে মিশে থাকা তোমার দেহের
কোষে বনপরীদের নৃত্যে হাতের ভেতর হাত
গজিয়ে ওঠে ঠোটের ভেতর গজিয়ে ওঠে তীরের
ফলা, দৃষ্টিতে বৃষ্টির শব্দ ফুটিয়ে তোলে পাহাড়

চুল হয়ে ওঠে বাতাসের প্রাণ - মনোকূপে তার
জানালার রড থেকে অনেক হাতের দীর্ঘ লাইন
এককাতারে মাটিতে গিয়ে মেশে - তাঁর আগমন
আমি টের পাই, সে আমার পিছন দিকের আলো


ওই দিকে চোখ জুঁইফূলে ঝুলে রয়, আঙুলের ডগা
বেয়ে নেমে পড়ে নি:শব্দের কালো পাহাড়ের ছায়া
আমাদের জীবনের মোড়ে মোড়ে গড়ে ওঠে ভাষা
ও ভাষাহীনতার দোকানঘর, এইখানে আমাদের
প্রেম প‌্যাকেটে প‌্যাকেটে থরে থরে দোকানের হর্ষ
হয়ে ওঠে, আমরা সেই হর্ষের বিজ্ঞাপণে দেখি নখে
পালিশ করছে এক উকুন ব্যবসায়ী আর তার জিভের
উপর অসংখ্য কালো পিঁপড়েরা লাইন ধরে হেটে যাচ্ছে
ওদের ভেতর ঘটিবাটি বিক্রে করে যারা সর্বহারা হয়ে
শহরে এসেছিল তারাও দেখি ফেরি করছে কাজুবাদাম
হলুদের ক্রেতাগণ অরণ্যের দিকে যাচ্ছে আর আমি
তোমার হাতের মধ্যে সুঁইসুতো হয়ে আছি, সুখ-দু:খ
শহরের সমস্ত দোকানদার আমাকে সন্দেহ করে আর
আমি তাদের হৃদয় নিয়ে প্রতিদিন পথে পথে ঘুরি
৫ টি মন্তব্য
azharforhad আজহার ফরহাদ২৩ নভেম্বর ২০০৮, ০৪:১৭
আপনার কবিতায় দারুণ একটা হর্ষ পাওয়া যায়। শব্দের চেয়ে অনুভবের দরজা খুলে ওঠে। কবিতাগুলি পড়লে মনে হয় একটানে তা লিখে ফেলেন, একটানে যা পড়েও ফেলা যায়।

শহরের সমস্ত দোকানদার আমাকে সন্দেহ করে আর
আমি তাদের হৃদয় নিয়ে প্রতিদিন পথে পথে ঘুরি

আপনি আসলেই তাই!
muktemandal মুক্তি মন্ডল০১ ডিসেম্বর ২০০৮, ০১:০৩
আজহার আপনাকে শুভেচ্ছা। বেশ কিছুদিন এখানে আসা হয় নাই। আপনার কমেন্ট পড়ে মজা পাইলাম। ভাল থাকবেন।
sheikhbaki এস এ বাকী২৩ নভেম্বর ২০০৮, ০৯:৩১
"আমি তাঁকে দেখি নাই, তাঁর উপস্থিতি টের পাই
সে যখন আমার পিছনে এসে একাকী দাঁড়ায়"......................সুন্দর অনুভুতির বহিঃপ্রকাশ। ভালো লাগলো।
muktemandal মুক্তি মন্ডল০১ ডিসেম্বর ২০০৮, ০১:০৪
শুকরিয়া জানবেন এস এ বাকী।
mahabuburrahaman মাহাবুবুর রাহমান১২ জানুয়ারি ২০০৯, ১০:২১
সম্ভবত আপনার কাব্যস্বরের সাথে ১৮ মাত্রার অক্ষরবৃত্ত খাপ খায় না।

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment