পথের প্রতিটি "তুমি"
সময় ১২:০৬:৩৯
বিরহের পদাবলী (কবিতাগুচ্ছ)
হৃদয়ে উন্মাতাল ঢেউ... বেরোলেই পথে,
ধাক্কা লাগে অসংখ্য ভালোবাসার সাথে;
একটাই প্রশ্ন মনে জাগে প্রতি বারে-
তুমিই কি সে-ই,
যে ছিলে স্বপ্ন দুয়ারে?
চকিত চাহনিতে কত কথা বলা,
দূর থেকে এঁকে দেই স্বপ্নমালা,
আনমনা হাসির মায়াবী ছবি,
আজন্ম যাকে খুঁজি-
বলো, সে কি তুমি?
অধরে তোমার বাঁকা রেখা করে খেলা
দু'চোখের ইশারায় ঝরে অবহেলা,
সহসা হারাতে হয় ঐ ভিড় মাঝে,
বলবে কি, তুমিও-
কাকে ফেরো খুঁজে?
হারায় মুহূর্তে মন প্রতি জনে জনে
প্রথম দেখায় ছু'টি নতুনের পানে,
চোখের সুখ-খানি কিছু পড়ে সয়ে যায়,
স্বপ্নচারিনী যে-
থাকে কোন সীমানায়?
পথে পথে দেখা দেয় স্বর্গের অপ্সরা,
দু'চোখ জুড়িয়ে দেখি ... দেবে না তো কভু ধরা!
অন্যের "তোমাকে" অপলক দেখে রই,
পথ শেষ হয়ে এলো-
আমার "তুমি" কই?
*** সামহোয়্যার ইন-এ দেবদারু ব্লগে ০৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৪১ -এ প্রকাশিত আমার এই প্রিয় কবিতাটি পুনঃনিবেদন করা ...


Phonetic