রবিবার ১৯ মে ২০১৩, ৫ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


একজন ডাক্তার নেতার হার্ট অ্যাটাক হলে!

এখন কেমন লাগছে?
একই রকম। মনে হচ্ছে এটা গ্যাসের জন্য না।
এখন কি হবে?
কি হবে আবার, হাসপাতালে যেতে হবে।
কাউকে ডেকে পাঠালে হবে না?
না, রিস্ক নেয়া ঠিক হবে না। মনে হচ্ছে হার্ট আটাক করেছে।
কি বলছো?
ঘাবড়িয়ো না। তুমি বরং এন আই সি ভি ডি তে ফোন কর।
ফোন কেন, চল একেবারে ওখানে যাই।
একটু সমস্যা আছে। ফোনটা কর তো।
ঠিক আছে। কিন্তু করে কি বলব?
আগে কর না বাবা!
এই রিং হচ্ছে। হ্যালো
বল জাহিদ ভাই কথা বলবে, ডিউটি ডাক্তার কে দিতে
হ্যালো, একটু ডিউটি ডাক্তার কে দিবেন প্লিজ? আমি ডাঃ জাহিদের মিসেস বলছি।
দিচ্ছে মনে হচ্ছে। তুমি কথা বলবা?
স্পিকারে দাও। হ্যালো, জি, আমি ডাঃ জাহিদ বলছি, ড্যাব এর মহাসচিব। আপনার পরিচয়টা?
জ্বি, আমি ডাঃ -----।
আচ্ছা। কোন মেডিকেল?
---
আই সি। আমাকে চেন?
কি যে বলেন স্যার। আপনাকে চিনবো না? আপনিই তো আমাকে চান্স পাইয়ে দিয়েছিলেন এম ডি (কার্ডিওলজী) তে।
ছাত্রদল করতা?
জ্বি, ছাত্রদল, পরে ড্যাব।
এখন কি কোর্সে না পোস্টিং?
কোর্সে। এখনো পাশ করিনি। কিন্তু ডেপুটেশান শেষ।
তাই? তারপরও এখন ঢাকায় পোস্টিং?
ডি জি অফিসে কিছু ঢাললাম। ফোন করেছেন কেন স্যার?
ও হ্যা। যে কারণে ফোন করলাম, মনে হচ্ছে হার্ট অ্যাটাক করেছে। ইমিডিয়েটলি ব্যবস্থা নেয়া দরকার। তো ওখানে সিনিয়র কে আছেন?
সিনিয়র তো একজন আছেন। কিন্তু তিনিও ড্যাব করা।
তো ?
আর আপনি পোস্ট গ্র্যাজুয়েশানে চান্স পাইয়ে দিয়েছিলেন।
সেই ২০০২ এ?
হ্যা স্যার। তারপর স্যারদের ছুরি চাকু দেখিয়ে পাশও করে গেছে।
জানে কিছু?
জানার কথা?
তা অবশ্য ঠিক। এখন কি করা যায়?
সিঙ্গাপুর বা ব্যাঙ্ককের ভিসা করা নাই?
আগে কি জানতাম নাকি আজ রাতে এই অবস্থা হবে?
এখন তো স্যার, সরকার অন্য দলের। আপনি ভর্তি শুনে বড় স্যার রা কেউ মনে হয় না আসবেন এতো রাতে।
ফোন করে দেখবা?
সমস্যায় পরে যাব স্যার। অনেক খরচ করে এই পোস্টিং টা পেয়েছি।
না না, আমি তোমায় সমস্যায় ফেলবো না। আচ্ছা, আমাদের দল করতো এমন কার্ডিওলজিস্ট কেউ নেই ওখানে?
মানে কাজ জানে এমন কার্ডিওলজিস্ট?
হ্যা হ্যা, সেরকম।
না স্যার। আপনি তো সব ক্যাডার গুলোকে এই সাবজেক্টে ঢুকিয়েছিলেন। বেশীর ভাগই ছেড়ে দিয়েছে। যারা পাশ করেছে, তারাও ওইভাবে।
একজনও নেই?
এখানে যারা আছে হয় স্বাচিপ করে নয় পয়সা দিয়ে। অ্যাকটিভলি পার্টি করে না, এমন কেউ কাজ জানলেও এখানে থাকতে পারবে না। তাতে হাসপাতাল চলুক আর নাই চলুক। কিছু সিনিয়র দের জন্য এখনো চলছে। উনারা রিটায়ার করলে যে কি হবে?
দুর্নাম করে আর কি হবে, সিস্টেম টা তো আমিই শুরু করে ছিলাম। দলের লোকজনদের সব যোগ্যতা ছাড়াই প্রোমশান দিলাম, তাই দেখে ভালো ডাক্তার গুলো সব চাকরী ছেড়ে চলে গেল। এখন কি করা যায়?
প্রাইভেট কোথাও যাবেন?
সেটাই ভাবছি। ওখানে যে সব ডাক্তার তাঁরা তো আবার আমার অত্যাচারেই চাকরী ছেড়েছে। যদি প্রতিশোধ নেয়?
তা বোধহয় করবে না। আমরা পার্টি করা ডাক্তাররাই যা একটু প্রতিশোধ নিই।
আছে কেউ পরিচিত?
সেখানে গলা কাটবে, তারপরও বেঁচে ফিরতে পারেন। আরেকটা ব্যাপার, বি এন পি আমলে চান্স পেয়েছিল কিন্তু ড্যাব করে না, এমন কাউকে দেখিয়েন। মানে, বুঝেনই তো স্যার, ওই আমলে খুব ট্যালেন্টেড ছাড়া ননড্যাব কেউ চান্স পায় নি। আমাদের মত যারা তাঁরা তো প্রশ্ন পেয়েই পরীক্ষা দিয়েছিল। কিংবা বিদেশী ডাক্তার বসেন এমন কোন হাসপাতালে যেতে পারেন।
তা মন্দ বল নি। এমন কারো নাম্বার আছে বা হসপিটালের ঠিকানা?
আছে স্যার। দিচ্ছি।
১ টি মন্তব্য
albatrossbd ডাঃ এনামুল হক এনাম১৫ নভেম্বর ২০১২, ১২:০৭
দারুন। গতরাতেই পোস্টটি পড়েছি। একজন ডাক্তার হিসেবে পোস্টটি আমার কাছে যথেষ্ট তাৎপর্য বহন করে। আপনাকে ধন্যবাদ। (সাধারণ অনেক পাঠক পড়ে হয়তো ততটা মজা পাবে না)