শনিবার ১৮ মে ২০১৩, ৪ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


গাঁয়ের কথা মায়ের কথা

কদিন থেকে মনটা খারাপ ভাল্লাগে না একা
এই শহরে পাই না খুঁজে সুখপাখিটার দেখা
কোথায় ছিলাম কোথায় আছি কোথায় যাবো শেষে
আপন সবাই পর হয়েছে, ছুটছি অচিন দেশে।

আজও আমার মন জানি না কী কারণে কাঁদে
বুকের মাঝে স্মৃতির পাহাড় ছোট্ট বাসা বাঁধে
চলার পথে থমকে দাঁড়াই আমার মায়ের ডাকে
কেমন যেন রুখতে নারি আবেগী মনটাকে।

রাতের চোখে স্বপ্ন দেখি যাচ্ছি গাঁয়ের বাড়ি
স্বপ্ন আমার তুলো মেঘের আকাশ দিলো পাড়ি
হঠাৎ দেখি স্বপ্নপাখি আকাশ থেকে এসে
দুচোখ মেলে ব্যর্থ স্বপন বললো হেসে হেসে।

সকাল হলে আর ডাকে না আম্মু মিঠে সুরে
শীতের মেয়ে উষ্ণ সুখে ডাকে না রোদ্দুরে
দোয়েল পাখি মুরগি ছানা ঘুম কেড়ে নেয় না তো
এই শহরে দিন কাটে না জোছনা চাঁদের রাতও।

গাঁয়ের কথা মায়ের কথা শুনবো না আর জানি
বুকের ভেতর স্বপ্ন তবু কষ্ট অনেকখানি
কী লাভ হবে হাত ইশারায় দুঃখ কাছে টেনে
হায়রে জীবন! বাস্তবতা নিতেই হবে মেনে।
১ টি মন্তব্য
charumannan চারুমান্নান১৯ নভেম্বর ২০১২, ১৭:২৫