আজ বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস
প্রতি বছর ২১শে নভেম্বর বাংলাদেশে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়।১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানী বাহিনী তান্ডব শুরুর সাথে সাথেই তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ প্রতিরোধ তৈরি করতে শুরু করে। রাজারবাগ পুলিশ লাইন্স, পিলখানার ইপিআর দফর এবং বিভিন্ন সামরিক স্থাপনায় পূর্ব পাকিস্তানী সৈনিক ও অফিসাররা প্রতিরোধ যুদ্ধ শুরু করেন। বেসামরিক লোকজনও যুদ্ধে অংশ নেন।
বৈদ্যনাথতলার আমবাগানে অস্থায়ী সরকার গঠনের মাধ্যমে মুক্তিযুদ্ধকে এগিয়ে নেয়ার চেষ্টা হয়। জেড ফোর্স, কে ফোর্স এবং এস ফোর্স নামে তিনটি ব্রিগেড গঠন করা হয়। সারা দেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়। এভাবে চলছিল মুক্তি সংগ্রাম।
কিন্তু এই যুদ্ধকে আরও গতিশীল করতে এবং পরিকল্পিতভাবে শত্রুর ওপর আক্রমণ চালাতে আনুষ্ঠানিক সশস্ত্র বাহিনী গঠন করা প্রয়োজনীয় হয়ে পড়ে।
পাকিস্তানের সেনা, নৌ ও বিমান বাহিনী থেকে যুদ্ধে যোগ দেয়া সৈনিক ও অফিসারদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠন করা হয় এবং ১৯৭১ সালের ২১শে নভেম্বর একযোগে হামলা শুরু করে।
ভারত সরকারের দেয়া রণতরী, বিমান এবং হেলিকপ্টার দিয়ে যাত্রা শুরু হয়েছিল সেদিনের সশস্ত্র বাহিনীর। পাকিস্তান বিমান বাহিনী থেকে মুক্তিযুদ্ধে যোগ দেয়া প্রকৌশলীরা বেসামরিক বিমানকে জঙ্গী বিমানে রুপান্তরিত করেন।
নাগাল্যান্ডের গহিন জঙ্গলে একটি পরিত্যাক্ত বিমানঘাঁটিতে বাংলাদেশ বিমান বাহিনীর কার্যক্রম শুরু হয় এবং এখান থেকেই বিমান উড়ে গিয়ে বিভিন্ন স্থানে হামলা চালায় এবং মুক্তিযোদ্ধাদের সমর্থনে কাজ করে। সেসময় সশস্ত্র বাহিনী গঠন মুক্তিযুদ্ধে বিজয়কে ত্বরান্বিত করে।
সেদিনের সে উদ্যোগকে সম্মান জানাতে প্রতিবছর ২১শে নভেম্বর বাংলাদেশে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হচ্ছে। এ দিনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তিন বাহিনী প্রধানগণসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ শিখা অণির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। ঢাকাসহ দেশের বিভিন্ন সামরিক স্থাপনায় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারবর্গকে সম্বর্ধনা দেয়া হয়। ঢাকার সদরঘাটসহ বিভিন্ন নৌবন্দরে নৌবাহিনীর জাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। এছাড়া প্রায় প্রতিবছরই ঢাকার আগারগাঁও প্যারেড গ্রাউন্ডে সমরাস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
মাস ও তারিখ অনুযায়ী বছরের বিশেষ দিবসগুলো সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
লেখক মাহিন আহমেদ
- মাহিন আহমেদ -এর ব্লগ
- ০ টি মন্তব্য
- ২১ নভেম্বর ২০১২, ১৪:৫৩
- দিনপঞ্জি
প্রিন্ট করুন
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক